জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক:

বোর্ডের নিয়ম অমান্য করায় নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার সিকান্দার রাজা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। বোর্ড জানায়, অনাপত্তি পত্র ছাড়া ইংল্যান্ডের ক্লাবে খেলেছিলেন রাজা।

বিবৃতিতে জিম্বাবুয়ে বোর্ড বলেছে, ‘কোন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে তার পরিসংখ্যান, ফিটনেস ও পারফরম্যান্স ছাড়াও আচরণ, শৃঙ্খলা ও কমিটমেন্টের প্রতিও গুরুত্ব দেয় বোর্ড। দুর্ভাগ্যজনক ভাবে রাজা সব শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। সে কারণে কমিটি তাকে নতুন চুক্তি থেকে বাদ দিয়েছে। এই চুক্তিতে তারাই আছে, যারা ধারাবাহিক ভাবে পেশাদারিত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত দেখিয়েছে।’

তবে নতুন চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি রাজার জন্য। বোর্ড জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বাইরের খেলোয়াড়রাও নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী দলে সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে রাজার জন্যও দরজা খোলা আছে।

পাকিস্তানী বংশোদ্ভূত সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১০ টেস্ট। এছাড়া ওয়ানডে খেলেছেন ৮৫টি ও টি-টুয়েন্টি ২৮টি। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে তার রান যথাক্রমে ৭৬২, ২৩৮১ ও ৩৮২।

  •  
  •  
  •  
  •