জিদানের ৫-০ গোলের ঝলমলে অভিষেক!
ক্রীড়া ডেস্ক:
দুর্দান্তই বটে। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলের বড় জয় এনে দিয়েছেন জিনেদিন জিদান। এক সময় যে দলের জার্সি পরে মাঠ মাতিয়েছেন, সেই দলের কোচ হিসেবে ফ্রেঞ্চ কিংবদন্তির অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর কী হতে পারতো?
আর এমন আলো ঝলমলে অভিষেক জিদানকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৫৯ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো কোচের অভিষেক হলো এত বড় জয়ে।
যাকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই রাফায়েল বেনিতেজের অভিষেক তো ছিল একরকম বিবর্ণই। বেনিতেজের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। সেখানে এই মৌসুমে রিয়ালের দ্বিতীয় কোচ হিসেবে অভিষেকে জিজু দলকে এনে দিলেন ৫-০ গোলের বিশাল জয়।
পরিসংখ্যান আরো জানাচ্ছে, রিয়ালের ইতিহাসেই কোনো কোচের অভিষেকে জিদানের চেয়ে বড় জয়ের রেকর্ড আছে কেবল একজনের! রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, লিগে রিয়ালের প্রথম মৌসুমে (১৯২৮-২৯) ম্যানুয়েল ফ্লেইটাস সোলিচের অভিষেক ম্যাচে রিয়াল বেতিসকে ৭-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।
তথ্যসূত্র : মার্কা ডটকম।

