ন্যায্য মূল্য না পেয়ে সড়কে ধান ফেলে প্রতিবাদ
পঞ্চগড় সংবাদদাতা:
ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পারায় মহাসড়কে ধান ফেলে প্রতিবাদ ও অবরোধ করেছেন পঞ্চগড়ের কৃষকেরা। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদিঘী হাটে সোমবার সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ কৃষকেরা এই কর্মসূচি পালন করেন।
পরে বোদা উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষকেরা জানান, সকালে তারা উপজেলার বিভিন্ন থেকে ধান বিক্রি করতে ময়দানদিঘী হাটে আসেন। কিন্তু এদিন ধান বিক্রি করতে না পেরে পঞ্চগড়- ঢাকা মহাসড়কে ধান ফেলে অবরোধ করেন।
কৃষকরা জানান, সার, কিটনাশক, বীজসহ সব কৃষি উপকরণের দাম বাড়লেও ধানের দাম বাড়ছে না। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পারায় সবক্ষেত্রেই অসুবিধায় পড়তে হয়েছে।
জেলার বোদা উপজেলার ময়দানদিঘী মহাজনপাড়া এলাকার কৃষক সফিকুল ইসলাম বলেন, ‘বিক্রির জন্য ধান নিয়ে আসছি হাটে। ব্যবসায়ীরা ধান না কিনে কাটা খুলে রেখেছে। ধানের দাম নেই। তাই আমরা কৃষকরা মহাসড়ক অবরোধ করেছি।’
বোদা উপজেলার ধনিপাড়া এলাকার কৃষক জয়নউদ্দিন জানান, এক মণ ধান বিক্রি করে এক কেজি ভুট্টার বিজ কিনতে পারি না। ধানের ন্যায্য মূল্য দিতে সরকারের কাছে দাবি জানান কৃষকেরা।
এদিকে অবরোধের কারণে সাইকেল, মটরসাইকেলসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। অবরোধের ফলে মহাসড়কের দুই পাড়ে শত শত যানবাহন আটকে পড়ে। পথচারী ও যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে এসে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন।

