জাবিতে সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবস পালিত

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বাংলা নাটকের প্রবাদপুরুষ ড.সেলিম আল দীনের অষ্টম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সেলিম আল দীনের শারীরিক উপস্থিতি না থাকলেও তাঁর কাজের মধ্যদিয়ে তিনি আমাদের মাঝে বিরাজ করছেন। তিনি বলেন, সেলিম আল দীন কালজয়ী নাট্যকর্ম রেখে গেছেন। এ কারণে তিনি সবার মাঝে ভাস্বর হয়ে থাকবেন।

এছাড়া শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্ম্প্রীমুখ। শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ গ্রামথিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া বিকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্ত মঞ্চে প্রদর্শিত হয়েছে নাটক কবি।

  •  
  •  
  •  
  •