ফরাসি লিগের শেষ আটে পিএসজি
স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় সারির দল অরলিন্সকে হারিয়ে ফরাসি লিগের শেষ আট নিশ্চিত করেছে পিএসজি। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে টমাস টুখেলের দল।
এদিন অবশ্য দলের প্রধান তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তাতে জয় পেতে কোন অসুবিধা হয়নি তাদের। ম্যাচের ৪১ মিনিটে দলকে প্রথম গোলটি এনে দেন পিএসজি’র উরুগুইয়ান ফরোয়ার্ড এদিনসন কাভানি।
আনহেল ডি মারিয়ার বাড়ানো বল ডি-বক্সের বাইরে থেকে উঁচু শটে প্রতিপক্ষের জালে জড়ান কাভানি। তবে ম্যাচের ৬৯ মিনিটে জোসেফ লোপির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি তাদের। ম্যাচের ৮১ মিনিটে অতিথিদের হয়ে জয় সূচক গোলটি করেন মুসা দিয়াবির। এই জয়ে লিগ ওয়ানের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়নদের।

