চোট কাটিয়ে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক:

চোট কাটিয়ে দলে ফিরলেন নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৩ সদস্যের দলে জায়গা ফিরে পেয়েছেন অলরাউন্ডার জিমি নিশাম আর ডগ ব্রেসওয়েলও।

কাফের (পায়ে) ইনজুরিতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি মিস করেন গাপটিল। তিনি দলে ফেরায় নিউজিল্যান্ডের ওপেনিং পজিশনের দুশ্চিন্তাটা কমলো।

অলরাউন্ডার জিমি নিশাম আর ডগ ব্রেসওয়েল অবশ্য বাদ পড়েছিলেন অফফর্মের কারণে। নিউজিল্যান্ড ‘এ’ এবং ওয়েলিংটন ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে পারফর্ম করেই দলে জায়গা ফিরে পেয়েছেন এই দুজন।

তবে লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে টম লাথাম আর কলিন ডি গ্র্যান্ডহোমকে। তাদের অনুপস্থিতিতে ওয়ানডে অভিষেকের জোরালো সম্ভাবনা রয়েছে নর্দার্ন ডিস্ট্রিক্টের ২৪ বছর বয়সী উইকেটররক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টের।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজটি। সিরিজের প্রথম ওয়ানডে মাউন্ট মঙ্গানুইতে ৩ জানুয়ারি।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।

  •  
  •  
  •  
  •