সিংড়ায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর নাটোরের সিংড়ায় খানজাহান নামে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা নিহত শিশুর স্বজন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আগমুরশন গ্রামের একটি পরিত্যক্ত বাড়ী থেকে মৃতদেহটি উদ্ধার এবং তাদের আটক করা হয়। নিহত খানজাহান একই উপজেলার আগমুরশন গ্রামের তালেব আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শিশু খানজাহানকে পাওয়া যাচ্ছিলনা। এলাকায় অনেক খোঁজাখুজি করার পরও শিশু খানজাহানকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। শুক্রবার সকালে বাড়ীর অদুরে একটি পরিত্যক্ত বাড়ীর ভিতরে বস্তাবন্দী কিছু একটা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত শিশুর আত্মীয় সহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, ফুফু হেলেনা (৪৫), মিলন (২৪), আসাদুল (২৪) তবে একজনের নাম জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক বিরোধের জেরে তার স্বজনরা তাকে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে রাখে। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বষয়ে নিহতের পিতা আবু তালেব বাদী হয়ে বোন হেলেনা বেমগ ও ভাগ্নে হেলালসহ ৫জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

