মেসির পছন্দের সেই ডি জংকে কিনল বার্সা

স্পোর্টস ডেস্ক:

নতুন খেলোয়াড় কিনে তহবিলের টাকা নাকি সব ফুরিয়ে গেছে। বার্সেলোনা নাকি আর কোনো নতুন খেলোয়াড় কিনবে না। গণমাধ্যমের এই দাবিকে মিথ্যা প্রমাণ করে একের পর এক নতুন খেলোয়াড় কিনেই চলেছে বার্সেলোনা। এই জানুয়ারিতেই চুক্তি করল ৩ জনের সঙ্গে। তবে বার্সা সবচেয়ে বড় দাওটা মেরেছে বুধবার রাতে।

দেশে দল যখন সেভিয়ার কাছে হারের হতাশায় পুড়ছে, ঠিক তখনই নেদারল্যান্ডসের আমস্টারডামে বসে বড় এক সওদা করে ফেলেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। পিএসজি ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কিনে ফেলেছে মেসির পছন্দের সেই ফ্রেঙ্কি ডি জংকে।

স্বয়ং মেসি ক্লাব কর্তাদের তাড়া দিয়েছিলেন ডি জংকে কেনার জন্য। বার্সেলোনার কর্তারা অধিনায়কের সেই আবদার রক্ষা করল বটে। তবে সেজন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। ঢালতে হয়েছে বিশাল অঙ্কের টাকা। ২১ বছর বয়সী এই ডাচ তরুণের সঙ্গে বার্সেলোনা চুক্তিটা করেছে ৭৫ মিলিয়ন ইউরোর। আরও ১১ মিলিয়ন ইউরো দিতে হবে বিভিন্ন বোনাস হিসেবে।

সব মিলে ডি জংয়ের পেছনে বার্সেলোনার মোট খরচ ৮৬ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮২০ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা মাত্র! ২১ বছর বয়সী তরুণের দাম ৮৬ মিলিয়ন ইউরো, টাকার এই অঙ্ক থেকেই অনুমান করা যায় ফ্রেঙ্কি ডি জং কতটা প্রতিভাবান।

আয়াক্সের এই তরুণের মধ্যে ফুটবলবোদ্ধারা দেখছেন প্রয়াত ডাচ কিংবদন্তি ইয়োহন ক্রইফের ছায়া। বার্সেলোনাও দলে ত্রুইফ ছোঁয়া লাগাতেই কিনে ফেলল ডি জংকে। অমিয় প্রতিভা আর দক্ষতার কারণেই তার দিকে হাত বাড়িয়েছিল ইউরোপের টাকাওয়ালা বড় বড় ক্লাবগুলো। বিশেষ করে দুই ধনকুবের ক্লাব পিএসজি ও ম্যানচেস্টার সিটি মরিয়া হয়ে মাঠে নেমেছিল ডি জংকে কেনার জন্য। গণমাধ্যমে এমনও খবর আসে, ডি জংয়ের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত করে ফেলেছে পিএসজি।

কিন্তু সব খবরকে মিথ্যা প্রমাণ করে মেসির পছন্দের সওদা করল বার্সেলোনা। আমস্টারডামে বসে গতকাল রাতেই চুক্তিপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর করে বার্সেলোনার হয়ে গেছেন ডাচ তরুণ। চুক্তিটা হয়েছে ৫ বছরের জন্য। তবে এখনই নয়, বর্তমান ক্লাব আয়াক্স ছেড়ে ডি জং যোগ বার্সেলোনায় যোগ দেবেন মৌসুম শেষে, আগামী জুনে।

আয়াক্সের হয়ে শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে তার অভিষেক ২০১৬ সালে। সেই থেকেই ইউরোপের নামীদামী ক্লাবগুলোর নজর কাড়তে শুরু করেন ডি জং। নেদারল্যান্ডসের জাতীয় দলের হয়েও খেলেছেন ৫টি ম্যাচ।

নিজের পছন্দের খেলোয়াড় কেনায় মেসি নিশ্চয় খুব খুশি। তবে এই খুশির জন্য বার্সেলোনার আর্জেন্টাইন তারকা একটা ধন্যবাদ জানাতে পারেন স্বয়ং ডি জংকেও। এই ডাচ তরুণও যে নিজের ‘হিরো’ মেসির সঙ্গে খেলতে মরিয়া ছিলেন। তাই তো পিএসজি-ম্যানচেস্টার সিটির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাম লেখালেন বার্সেলোনায়।

ও হ্যাঁ, আরেকটি কথা। এই চুক্তির মধ্যদিয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় বনে গেলেন ডি জং। এতোদিন এই তকমাটা ছিল ভিরগিল ফন ডিকের দখলে। গত বছরই এভারটন থেকে এই ডিফেন্ডারকে ৮৫ মিলিয়ন ইউরা দিয়ে কিনেছে লিভারপুল।

ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, ডেনিস বার্গক্যাম্প—যুগ যুগে কত কিংবদন্তি ফুটবলারকেই তো উপহার দিয়েছে নেদারল্যান্ডস। তাদের সবাইকে টপকে ২১ বছরের তরুণ হয়ে গেলেন দেশের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার।

ডি জং এই তকমার মর্যাদা রেখে অর্জনেও সবাইকে ছাপিয়ে যেতে পারবেন?

  •  
  •  
  •  
  •