পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যু
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের জাতীয় দলের পেসার মোহাম্মদ আমিরের মা মারা গেছেন। সোমবার দিবাগত রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার এক টুইটার বার্তায় এই সংবাদ নিজেই জানিয়েছেন আমির। নিজের টুইটারে ২৬ বছর বয়সী এই পেসার লিখেছেন, ‘আমার মা আর নেই।’
দুবাইতে পাকিস্তান সিপুর লিগে (পিএসএল) খেলছিলেন আমির। সেখানেই মায়ের অসুস্থতার খবর শুনে দেশে ফেরেন তিনি। তখন এক টুইটার বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমার মায়ের অবস্থা ভালো নয়। তিনি এখন আইসিইউতে ভর্তি। আপনাদের সকলের দোয়া চাই।’
চলতি পিএসএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। মায়ের মৃত্যুর পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

