বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি দালাই লামা
আন্তর্জাতিক ডেস্ক:
বুকে ব্যথার কারণে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৮৩ বছর বয়সী এ বৌদ্ধ সন্ন্যাসীকে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম বলছে, সেখানে দালাই লামার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তবে দালাইলামার এক সহকারী জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দালাই লামার প্রতিনিধি নগোদুপ তিসারিং বলেন, দালাই লামা হালকা কাশিতে ভোগায় ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসককে দেখানোর জন্য মঙ্গলবার তিনি নয়াদিল্লিতে আসেন।
তিসারিং জানান, ওই চিকিৎসক বলেছেন, কাশির ব্যাপারে চিন্তার কিছু নেই। এটা মারাত্মক কিছু না।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুকের ইনফেকশন নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নোবেল জয়ী দালাই লামা।
উল্লেখ্য, এখন থেকে ৬০ বছর আগে চীনা শাসকদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসেন এই আধ্যাত্মিক নেতা।

