বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবী বিবেচনায় প্রধানমন্ত্রীর আশ্বাস
নিউজ ডেস্ক:
চলমান সঙ্কট নিরসনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৫.৪৫ টায় প্রধানমন্ত্রীয় আমন্ত্রনে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসেন। শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ আলোচনায় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবী বিবেচনার আশ্বাস দেন বলে জানালেন শিক্ষক নেতারা।তবে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে আগামীকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) আলোচনায় বসবেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসবিচ অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, দীর্ঘ দেড় ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আমলারও ছিলেন। তিনি আমাদের কথা শুনেছেন। আমলাদেরও কথা শুনেছেন। সব শুনে তিনি নিজে বিষয়গুলো দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে মাকসুদ কামাল বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আজকে সাধারণ সভার তারিখ ঠিক করবো। তারপর সভায় সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেবো।’
এদিকে গত ১১ জানুয়ারি সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন শিক্ষকরা। ওইদিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে প্রধানমন্ত্রী শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন।
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অষ্টম পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মবিরতির পালন করা হচ্ছে। সান্ধ্যকালীন কোর্সগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালীন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে।
এই কর্মবিরতিতে যাওয়ার আগে আরো দুইদিন কর্মসূচি পালন করা হয়। ৩ জানুয়ারি একই দাবিতে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ৭ জানুয়ারি স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়। এরপর ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।
গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরপর ঢাকা বিশ্বদ্যিালয়ের মুজাফফর আহম্মেদ চৌধুরী মিলানায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।

