গাইবান্ধায় দুই যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি:

জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আগুনে পুড়িয়ে অজ্ঞাত পরিচয় দুই যুবককে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকার (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের উপর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের উপরে আগুনে পুড়িয়ে হত্যা করা অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায় তারা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ নিয়ে অবস্থান করছেন। ২২-২৫ বছরের দুই যুবকের গায়ে আগুন দিয়ে পুড়ে দেওয়ায় তাদের চেনে যাচ্ছেনা। আগুনে তাদের মুখ ম-ল, বুক ও হাত-পা পুড়ে ঝলছে গেছে। ধারণা করা হচ্ছে ওই দুই যুবক ধর্ণাট্য পরিবারের সন্তান বা ব্যবসায়ী হবে। তাদের পড়নে জিন্স, গ্যাবাটি প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে। ডেকে নিয়ে গিয়ে বুধবার রাতের যে কোন সময় কোথাও হত্যা করা হয়। এরপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করতোয়া নদীর সিসি ব্লকের উপরে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত চলছে। এছাড়া আগুনে পুড়িয়ে দুই যুবককে হত্যার সঙ্গে জড়িতেদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

  •  
  •  
  •  
  •