বাকৃবিতে প্যাথলজি বিভাগ কর্তৃক ‘পোল্ট্রি ডিজিজ ইনভেস্টিগেশন’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্যাথলজি বিভাগ কর্তৃক “পোল্ট্রি প্যাথলজি ফিল্ড ট্রিপঃ হ্যান্ডস অন প্রাক্টিসেস এন্ড ডিজিজ ইনভেস্টিগেশন” শীর্ষক সিম্পোজিয়াম এর আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড এর ডিরেক্টর শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের প্রফেসর ড. প্রিয় মোহন দাস, প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. মকবুল হোসেন, ড. জাহান আরা বেগম এবং ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সরেজমিনে বাংলাদেশের বিভিন্ন জেলার পোল্ট্রি ফার্ম পরিদর্শন করে খামার ব্যবস্থাপনা, জীবনিরাপত্তা, রোগের প্রাদুর্ভাব এবং রোগের বিভিন্ন নিয়ামক সম্পর্কিত প্রেজেন্টেশন পরিবেশন করেন।
প্রধান আলোচক শামসুল আরেফিন খালেদ তার বক্তৃতায় বলেন, বর্তমানে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সঠিক পরিচালনা ও খামারী পর্যায়ে জীবনিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এ শিল্পে সংকট দেখা দিয়েছে। সরকার সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে পোল্ট্রি মনিটরিং বোর্ড, নিয়মবহির্ভুত ফিড মিল বন্ধ করা, উদ্যোক্তাদের রেজিস্ট্রেশনের আওতায় এনে সুযোগসুবিধা প্রদান, বাজারজাতকরণে পরিকল্পনা, জীবনিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিলে এ শিল্প মাংসের চাহিদা পূরণে এবং জাতীয় অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এদেশে উৎপাদিত পোল্ট্রি পণ্য ২০২৫ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেরা প্রেজেন্টেশনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


