পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাসে মোবাইল চোর গ্রেফতার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বহিঃস্থ ক্যাম্পাসে মোবাইল চোর ধরা পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ টায় ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের মূল ভবন থেকে মোবাইল চুরি করে পালানোর সময় চোর ধরা পড়ে। এ সময় অধিকাংশ শিক্ষার্থীদের ক্লাস থাকায় লোকটি হলের বিভিন্ন বিল্ডিং এ ঘুরাঘুরি করে। সুযোগ বুঝে হলের একটি রুম থেকে তিনটি মোবাইল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পিছনের দেয়াল টপকিয়ে ক্যাম্পাসের বাইরে বের হয়। এমন সময় সন্দেহবশত হলে থাকা শিক্ষার্থীরা দৌড়িয়ে তাকে ধরলে তার পকেটে নিজেদের মোবাইল দেখতে পায়। এমন সময় শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে। শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষকগণ এসে পুলিশকে খবর দেয় এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়
এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে মতামত জানতে চাইলে শিক্ষার্থীরা বলে- আমরা যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি তা ভাবতেও অবাক লাগে। আমাদের বহিঃস্থ ক্যাম্পাস হওয়ায় সবসময়ই অবহেলিত হতে হয়। নেই কোনো সুযোগ সুবিধা। এখানে হলে কোনো গার্ড নেই এবং নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। মেইন গেটে আনসার সদস্য থাকলেও যেকোনো দিকের সীমানা প্রাচীর দিয়ে সহজেই ক্যাম্পাসে প্রবেশ করা যায়।
শিক্ষার্থীরা আরো বলে- গত দুইদিন আগে সন্ধ্যা ৭:৩০ এ ক্যাম্পাসের সামনের রাস্তা থেকে স্থানীয় কিছু লোক এক ছাত্রকে ছুরি ধরে মোবাইল ছিনতাই করে। এমন নিরাপত্তাহীনতায় প্রশাসনের আরোও কঠোর হওয়া প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রিত হয়ে সমস্যা গুলোর সমাধান করা প্রয়োজন।
প্রসঙ্গত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি ক্যাম্পাস। মূল ক্যাম্পাসটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এবং বহিঃস্থ ক্যাম্পাসটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। অবকাঠামোগত দিক থেকে শুরু করে প্রতিটি দিকেই বহিঃস্থ ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবহেলিত। এখানে নেই কোনো পাকা রাস্তা, সিসি ক্যামেরা এবং নামমাত্র সীমানা প্রাচীর থাকলেও খুব সহজেই প্রাচীর টপকিয়ে ভেতরে বাইরে যাওয়া আসা করা যায়।

