সকল শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে বাকৃবিতে মানববন্ধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশে প্রথমবারের মত সমন্বিতভাবে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি প্রদানকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সমানে মানববন্ধন করে সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা সেই যোগ্যতা জানার জন্য ১০০০ টাকা ফি কখনোই যৌক্তিক ও মানবিক হতে পারে না। তাছাড়া যে বিশ্ববিদ্যালয়ের নামের সাথে কৃষি জড়িত সেখানে একজন কৃষক, শ্রমিক, মেহনতি গরীব মানুষের জন্য এই ফি প্রদান করেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া অবিচার। যেহেতু ৬ টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ৭৫ হাজার শিক্ষার্থীকে সুযোগ দেয়া সম্ভব। এই গুচ্ছ প্রক্রিয়ার প্রথমবারে বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ আছে।
বক্তারা আরো বলেন, অর্ধেকেরও বেশী শিক্ষার্থী ফি দেয়ার পরও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের জন্য লজ্জার এবং সেই দায় থেকেই সকল শিক্ষার্থীকেও আন্দোলনে যোগ দেয়ার আহ্ববান জানান।
উল্লেখ্য, এই প্রথম বার দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। এতে আবেদন করেন ৭৫ হাজার শিক্ষার্থী। আবেদনের যোগ্যতা ছিল ৪র্থ বিষয় বাদে ৭ পয়েন্ট এবং ফি ছিল ১০০০ টাকা।গত পরশু নির্বাচিত দের তালিকায় দেখা যায় সর্বনিম্ন সিজিপিএ ৯.১৫। এর ফলে বাদ পড়ে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী।

