ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রী প্রদানকারী ৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য অনির্বাচিত পরীক্ষার্থীদের থেকে অনৈতিকভাবে ১০০০ টাকা রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা।
সোমবার (২৮ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।
প্রশাসনিক ভবনের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌতম কর।
তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদনকারী ছিল ৭৪৫৫৬ জন এবং তাদের মধ্যে পরীক্ষা দিতে পারবে ৩৫৫৫০ জন শিক্ষার্থী। অর্থ্যাৎ আবেদনকারীর প্রায় অর্ধেকই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা অথচ তারাও ১০০০ টাকা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যই ফরম ফিলাপ করেছিল। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন নিয়ে যেসব কৃষক, শ্রমিকের সন্তানরা ১০০০ টাকা দিয়ে ফরম ফিলাপ করেছিল, তাদের প্রায় অর্ধেকই এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেনা, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন অনৈতিকভাবে তাদের থেকে ১০০০ টাকা রাখছে।
গত ২০ অক্টোবরও একই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটি বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনের কাছে দাবি জানায়, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেনা তাদের ফরমের টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তাদেরও পরীক্ষা নিতে হবে। অথচ এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছিনা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে দাবি জানানো হয়, এরুপ সিদ্ধান্ত বাতিল করে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক অথবা তাদের ১০০০ টাকা ফেরত দেওয়া হোক। অন্যথা এর বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

