বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ৩০ ডিসেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২০ এর নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮:০০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে শিক্ষক কমপ্লেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, সহ-সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং প্রফেসর ড. মোঃ রাকিব হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগ, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষক সমিতির এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এবং জাতীয়তাবাদী বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল।
এদিকে, নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে দুই সংগঠন। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান বরাবর মনোনয়ন পত্র জমা দেন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও সোনালী দল।
নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

