রাবিতে সান্ধ্যকোর্স বিষয়ে কমিটি গঠন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান সান্ধ্যকোর্সের বিষয়ে সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, সান্ধ্যকোর্স বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য বিবেচনায় নিয়ে রাবিতে সান্ধ্যকোর্সের বিষয়ে সুপারিশ করবেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কমিটির সভায় এ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ১১ সদস্যের এই কমিটিতে রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েল অন্য ৮টি অনুষদের অধিকর্তাকে সদস্য করা হয়েছে। পরবর্তীতে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) দুই সদস্যকে অর্ন্তভুক্ত করা হবে। আগামী একাডেমিক কমিটির সভায় এ কমিটি তাদের পর্যালোচনা হাজির করবে। তাদের পর্যালোচনার প্রেক্ষিতে সান্ধ্যকোর্স বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আব্দুল হামিদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সান্ধ্যকোর্সের সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর ইউজিসির পক্ষ থেকে সান্ধ্যকোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে রাবি প্রশাসন সান্ধকোর্সের যৌক্তিকতা যাচাই কমিটি গঠন করেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: