ঢাবি ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে নবীন শিক্ষার্থীদের ‌‘গেস্টরুম করানো’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে বিজয় একাত্তর হলের গণরুমে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়।
পরে হল সংসদের জিএস নাজমুল হাসান ও সাহিত্য সম্পাদক মো. ফাহিম হাসানের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় লখক ভট্টাচার্যের পক্ষের নেতাকর্মীরা ‘গেস্টরুম’ করালেও সোমবার সেই সময় পরিবর্তন করে সাড়ে ১০টায় ‘গেস্টরুম’ করান। কিন্তু ওই সময়ে বিজয় একাত্তর হলে আল নাহিয়ান খানের পক্ষের নেতাকর্মীরা ‘গেস্টরুম’ করিয়ে থাকেন। পরে লেখকের অনুসারীরা আল নাহিয়ানের অনুসারীদের ঘণ্টাখানেক বাইরে দাঁড় করিয়ে রাখলে একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে টিভিকক্ষে ঢুকে পড়ে। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ান।

এ বিষয়ে বিজয় একাত্তর হল সংসদের জিএস নাজমুল হাসান বলেন, ভুল বুঝাবুঝি থেকে দুই পক্ষের কর্মীরা হাতাহাতিতে জড়িয়েছিল। এখন সবকিছু ঠিক আছে।

‘গেস্টরুম করানো’ হচ্ছে ছাত্রলীগের নবীন কর্মীদের ‘ম্যানার’ শেখানোর একটি কর্মসূচি। সাধারণত হলের অতিথিকক্ষে জ্যেষ্ঠ নেতাকর্মীরা কনিষ্ঠদের ‘ম্যানার’ শেখান। তবে কখনো কখনো গণরুম বা হলের অন্য কোনো কক্ষেও ‘গেস্টরুম করানো’ হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই কর্মসূচির মুখোমুখি হতে হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: