বাকৃবিতে ‘বিএসভিইআর’ এর ২৬তম বৈজ্ঞানিক সম্মেলন শুরু

মো. আব্দুর রহমান:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শুরু হয়েছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চের (বিএসভিইআর) ২৬তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ঐ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়: ভেটেরিনারি শিক্ষায় উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর উচিৎ চাকরির অপেক্ষায় না থেকে নিজেই উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তার মনোভাব গড়ে তোলার জন্য বাকৃবি বদ্ধপরিকর। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন তা কৃষিবিজ্ঞানের প্রতিটি শাখার উন্নতির মাধ্যমেই পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, ভেটেরিনারি কৃষিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। বিএসভিইআর এর বৈজ্ঞানিক সম্মেলনে নিবন্ধ ও পোস্টার উপস্থাপনের মাধ্যমে ভেটেরিনারি শিক্ষায় নতুন জ্ঞানের সংযোজন হবে। পরবর্তীতে তা উন্নত প্রযুক্তি হিসেবে মাঠ পর্যায়ের কৃষকদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। দেশের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন প্রতিটি মানুষের মাঝে সঠিক ও উন্নত জ্ঞানের প্রসার ঘটানো। সেই লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সরকারি, বেসরকারি সেক্টর ও এনজিওর সাথে সহযোগিতামূলক সম্পর্ক রেখে একযোগে কাজ করে যেতে হবে।

বিএসভিইআর ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপি এ সম্মেলনে বিএসভিইআরের সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রহমান খান, বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল জব্বার সিকদার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এরিক ব্রুম এবং রেনেটা লিমিটেডের অ্যানিমেল হেলথ ডিভিশনের পরিচালক সিরাজুল হক।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মালয়েশিয়ার ক্যালেটন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. আযম খান বিন গরিমন খান। এসময় তিনি বলেন, পৃথিবী ৪র্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত। আধুনিক ও ইন্টারনেটের সমন্বিত শিক্ষা পদ্ধতিতে পরীক্ষামূলক ও সমস্যা ভিত্তিক শিক্ষায় আগ্রহ তৈরীতে কাজ করছে ক্যালেটন বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বাকৃবির মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম অধ্যাপক ডা. মো. আবদুর রহমানকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

উল্লেখ্য, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণাকে উন্নত করার লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে আসছে সংগঠনটি।

  •  
  •  
  •  
  •  

Tags: