ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

মো. আব্দুর রহমান:
নোয়াখালীতে শিবিরের হামলায় ও খুলনায় প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ছাত্রলীগের পার্টি অফিস থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামাল-রণজিৎ (কে.আর) মার্কেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, মুজিববর্ষকে সামনে রেখে দেশে যখন চলছে বিভিন্ন প্রস্তুতি, ঠিক তখনি একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যেখানেই জামাত-শিবিরের দেখা মিলবে সেখানেই দলগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় সমাবেশে বাকৃবি শাখা ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ওপর ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন প্রতিপক্ষের হামলায় খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নিহত হন।

  •  
  •  
  •  
  •  

Tags: