গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ
নিউজ ডেস্কঃ
গণস্বাস্থ্য কেন্দ্রর উদ্ভাবিত কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ করেছে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। কিটের কার্যকারিতা গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ ৬৯.৭% হওয়ায় এ সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২১ জুন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস তাদের ’জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিটের নিবন্ধনের জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করে। এরপর গত ২১ ও ২৩ জুন টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাক্সিন অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কমিটি দুটি সভা করে। এতে আন্তর্জাতিক গাইড লাইনের আলোকে র্যাপিড এন্টিবডি টেস্ট কিটের সেনসিভিটি এবং স্পেসিফিসিটি’র সর্বনিম্ন লেভেল যথাক্রমে ৯০% এবং ৯৫% নির্ধারণ করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করে তার ফলাফল ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তকরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে।

