উপাচার্য ও উপ-উপাচার্যের শূন্য পদ পূরণের উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের
নিউজ ডেস্কঃ
উপাচার্য ও উপ-উপাচার্যের শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়ের। শিগগিরই এসব পদ পূরন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই লক্ষ্যে ৩১ আগস্টের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শতাংশ সিনিয়র প্রফেসরের নামের তালিকা ও জীবনবৃত্তান্ত শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যের ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেওয়া সংক্রান্ত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মিটিংয়ে যুক্ত ছিলেন।
মন্ত্রী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যের ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সেসব শূন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানান। এই সময়ের মধ্যে তালিকা প্রেরণ না করলে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি মিটিংয়ে জানান।
উল্লেখ্য, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ শূন্য রয়েছে। অন্যদিকে দেশের ১৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের পদ শূন্য রয়েছে।

