বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের
নিউজ ডেস্কঃ
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, ফলাফলধর্মী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া ও কর্মকৃতি মূল্যায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে এর আওতাধীন ছয়টি দপ্তর, সংস্থা ও আশ্রয়ন প্রকল্পের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়েছে।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বেগম জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান নির্বাহী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং আশ্রায়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সেই করেন।
অনুষ্ঠানে গত অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিভিন্ন সুচকের বিপরীতে অর্জন এবং এ বছরের চুক্তিতে সন্নিবেশিত সূচকসমূহের লক্ষ্যমাত্রার তুলনামূলক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর গত বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অর্জিত সার্বিক মূল্যায়ন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে নির্ধারিত সূচক অর্জনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দপ্তর/সংস্থা যেন অন্যদের জন্য উদাহরণ হয়, সে লক্ষ্যে কাজ করার জন্য দপ্তর/সংস্থার নির্বাহী প্রধানদের পরামর্শ দেন।
বিদেশি মিশনের কর্মকর্তা প্রশিক্ষণ
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য বিভিন্ন মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার ৬টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সেলর, প্রথম সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্য সারির কর্মকর্তাদের জন্য আয়োজিত ইন-হাউজ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় মন্ত্রিপরিষদ বিভাগ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে বিদেশের মিশনে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৬টি দেশে অবস্থিত বাণিজ্যিক মিশনে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশগুলো হচ্ছে, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, মিয়ানমার, ইরান, চীন ও বেলজিয়াম।
কমার্সিয়াল উইং-এ নবনিযুক্ত কর্মকর্তা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ১৪ দিনের ‘ইন-হাউজ’ প্রশিক্ষণে বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি নীতি, আমদানি নীতি, বৈদেশিক বাণিজ্য চুক্তির বিধিবিধান বিষয়ে জ্ঞান লাভ করবেন।

