করোনা ভাইরাসের টিকা তৈরিতে কেন এই প্রতিযোগিতা
নিউজ ডেস্কঃ
যখন রাশিয়া ১১ই অগাস্ট ঘোষণা করলো যে তারা করোনাভাইরাসের প্রথম টিকাটি তৈরি করে ফেলেছে এবং তার নাম দিয়েছে ‘স্পুটনিক ফাইভ’, তখন এই খবরটি প্রায় সকলেরই নজর কেড়েছিল। প্রায় ছয় দশক আগে ১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় জয়লাভ করার কথা ঘোষণা করেছিল।
আর এখন রাশিয়া দাবি করছে চিকিৎসা বিজ্ঞানে তাদের গবেষণার এতোটাই অগ্রগতি হয়েছে যে কোভিড-১৯ রোগের টিকা তৈরির প্রতিযোগিতাতেও তারা জিতে গেছে। কিন্তু সমালোচকরা বলছেন এনিয়ে মস্কো বাড়াবাড়ি করছে। রাশিয়ার এই ঘোষণা নিয়ে সবাই যে খুব একটা আশাবাদী হতে পারছে তাও নয়।
বরং প্রেসিডেন্ট পুতিনের এই দাবি করোনাভাইরাসের টিকা আবিষ্কারে সারা বিশ্বে যে তীব্র প্রতিযোগিতা চলছে সে কথাই সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে।
শর্ট কাট রাস্তা: এই প্রতিযোগিতায় শর্ট কাট রাস্তা ধরার অভিযোগ উঠেছে, অভিযোগ উঠেছে গুপ্তচরবৃত্তি, অনৈতিকতা, ঝুঁকি গ্রহণ এবং ঈর্ষা-পরায়ণতার।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘টিকার জাতীয়তাবাদ’ বন্ধ করার আহবান জানিয়ে বলেছে, করোনাভাইরাস থেকে প্রত্যেকে নিরাপদ না হলে কেউ নিরাপদ নয়। এই ভাইরাসের সফল কোনো টিকা তৈরি হলে বর্তমানে সেটাই হবে সবচেয়ে কাক্সিক্ষত ও দামী উপহার। এটা যে শুধু মানুষের জীবন বাঁচাবে তা নয়, মহামারির কারণে সারা বিশ্বে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটি তারও অবসান ঘটাবে।
কোনো একটি চিকিৎসা সামগ্রীর জন্য এরকম তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা এর আগে আমি কখনো দেখিনি, বলেন প্রফেসর লরেন্স গোস্টিন, যুক্তরাষ্ট্রে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য আইন বিষয়ক শিক্ষক।
কোভিড-১৯ নিয়ে এতোটা রাজনৈতিক প্রতিযোগিতার পেছনে কারণ হলো বিশ্বের সুপার-পাওয়ার বা ক্ষমতাশালী দেশগুলো এটিকে দেখছে তাদের বৈজ্ঞানিক শৌর্য বীর্যের প্রতীক হিসেবে। এর মাধ্যমে যেন তাদের রাজনৈতিক শক্তির ক্ষমতার বৈধতা পাওয়া যাবে। করোনাভাইরাসের টিকা তৈরিতে সারা বিশ্বে দুশোটির মতো গবেষণা চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে তার মধ্যে প্রায় অর্ধ-ডজন গবেষণা পৌঁছে গেছে পরীক্ষার একেবারে শেষ পর্যায়ে। এসব গবেষণার তিনটি চলছে চীনে, একটি যুক্তরাজ্যে, একটি যুক্তরাষ্ট্রে এবং আরেকটি জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায়। সাধারণত একটি টিকা তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু বর্তমান মহামারিতে সব দেশই এই টিকা উদ্ভাবনের ব্যাপারে তাদের গবেষণার গতি বাড়িয়ে দিয়েছে।
এখন রাশিয়ার পক্ষ থেকে স্পুটনিক নামের একটি টিকা তৈরির ঘোষণা দেওয়ার পর অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে যে টিকা তৈরির স্বাভাবিক প্রক্রিয়ায় কোন শর্ট কাট অবলম্বন করা হয়েছে কীনা।

