পেঁয়াজের দাম আবারো বাড়তে শুরু করেছে

নিউজ ডেস্কঃ

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পরে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে (ট্রাকসেল) কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা করে। গত সোমবার প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২০ থেকে ২১ টাকা দরে বিক্রি হলেও সর্বশেষ গত বৃহস্পতিবার তা বেড়ে বিক্রি হয়েছে ২৬ টাকা কেজি দরে। এছাড়া নতুন নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে কোরবানির ঈদের সময় দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ ছিল। এতে করে প্রতি বছর দাম বাড়লেও এবারে উল্টোটা হয়েছে, দাম আরো কমেছিল। বন্দর দিয়ে সড়ক ও রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটির বাজারে সরবরাহ কমে দাম বাড়তির দিকে রয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, আগে বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২০-২২ ট্রাকে নেমে এসেছে। বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও সম্প্রতি বন্দর দিয়ে নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: