১ দিনে কেজিতে ৩৫ টাকা কমেছে কাচামরিচের দাম

নিউজ ডেস্কঃ

টানা কয়েক দিন বাড়তি থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমে এল ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দাম। এখানকার পাইকারি বাজারে গতকাল একদিনে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ৩৫ টাকা কমেছে। একই সঙ্গে এদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ ট্রাকসেলে মানভেদে ৯০-১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও আমদানি করা এসব কাঁচামরিচ মানভেদে ১২৫-১৩০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে সর্বোচ্চ ৩৫ টাকা কমেছে।

স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, এবারের বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশে উৎপাদিত কাঁচামরিচের বেশির ভাগ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। এর জের ধরে বাজারে সরবরাহ সীমিত হয়ে আসায় পণ্যটির দাম বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেন হিলির আমদানিকারকরা। সড়কপথের পাশাপাশি রেলেও এ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়, যা এখনো অব্যাহত। বর্তমানে চাহিদার তুলনায় ভারত থেকে আমদানি পর্যাপ্ত হওয়ায় কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল একদিনে ভারত থেকে এ স্থলবন্দর দিয়ে ৩৫টি ট্রাকে (মিনি পিকআপ ও বড় ট্রাক মিলিয়ে) ২৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। হিলি ছাড়াও দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও কাঁচামরিচ আমদানি হচ্ছে।

এদিকে গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ট্রাকসেলে মানভেদে ৩১-৩২ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও আমদানি করা এসব পেঁয়াজ মানভেদে ৩৬-৩৭ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, একদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। গতকাল এ স্থলবন্দর দিয়ে একদিনে ৩২ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। মূলত এ কারণে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: