২০২০-২১ মৌসুমে ব্রাজিলে সয়াবিন উৎপাদন ১৩ কোটি টন ছাড়াবে
নিউজ ডেস্কঃ
করোনাকালে ব্রাজিলের কৃষি খাতের জন্য সুখবর শুনিয়েছে ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে দেশটিতে সয়াবিন উৎপাদন আগের তুলনায় বেড়ে ১৩ কোটি টন ছাড়িয়ে যেতে পারে। একই মৌসুমে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিও ছাড়াতে পারে আট কোটি টন। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ১৩ কোটি ৫ লাখ টন সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ৫০ লাখ টন বেশি। দেশটির ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনের রেকর্ড। একই সময়ে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে আট কোটি টনের কিছু বেশি সয়াবিন রফতানি হতে পারে।
ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল অ্যামারাল বলেন, ব্রাজিলে এবার সয়াবিন উৎপাদনের জন্য চমত্কার আবহাওয়া বিরাজ করছে। এতে কৃষিপণ্যটির ফলন বেড়েছে, যা ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে ব্রাজিলীয় সয়াবিনের চাহিদা রয়েছে। বিশেষত চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে চীনা আমদানিকারকরা যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিল থেকে তুলনামূলক সস্তায় বেশি বেশি সয়াবিন কিনছেন। এ পরিস্থিতি ব্রাজিলের কৃষিপণ্য রফতানি খাতে নতুন সুযোগ তৈরি করেছে। আগামীতে এ সুযোগ কাজে লাগিয়ে সয়াবিন রফতানি আরো বাড়াতে আগ্রহী ব্রাজিল। কৃষিপণ্যটির আবাদ ও উৎপাদন বৃদ্ধির পেছনে এ সম্ভাবনা কাজে লাগানোও প্রভাবক হিসেবে কাজ করছে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ব্রাজিলে সব মিলিয়ে ১৩ কোটি ১০ লাখ টন সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬৫ শতাংশ বেশি। গত বছর ব্রাজিলে ২০১৮ সালের তুলনায় ৪ দমমিক ২০ শতাংশ বেড়ে মোট ১২ কোটি ৪০ লাখ টন সয়াবিন উৎপাদন হয়েছিল। এটাই ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনের রেকর্ড। চলতি বছর কৃষিপণ্যটির সর্বোচ্চ উৎপাদনের আগের এ রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অনুকূল আবহাওয়ার জের ধরে বাড়তি ফলন হওয়ায় এক বছরের ব্যবধানে দেশটিতে সয়াবিন উৎপাদন বাড়তে পারে ৭০ লাখ টন। পূর্বাভাস সত্য হলে এবারই প্রথম ব্রাজিলের সয়াবিন উৎপাদনের পরিমাণ ১৩ কোটি টন ছাড়িয়ে যাবে।
এদিকে চলতি বছর শেষে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮ কোটি ৩০ লাখ টন সয়াবিন রফতানির সম্ভাবনার কথা জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩৫ শতাংশ কম। গত বছর ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে ২০১৮ সালের তুলনায় ১৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে সব মিলিয়ে ৮ কোটি ৫০ লাখ টন সয়াবিন রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি সয়াবিন রফতানির রেকর্ড। ২০১৯ সালের আগে ব্রাজিল থেকে কখনই এক বছরে আট কোটি টনের বেশি সয়াবিন রফতানি হয়নি।

