বন্যা পরিস্থিতির আরও অবনতি
নিউজ ডেস্কঃ
উজানের ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসব উপজেলার পানিবন্দি মানুষদের দূর্ভোগ আরও বেড়েছে। এদিকে করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি পয়েন্টে করতোয়া নদীর পানি বিপদসীমার ১১৬ সেন্টিমিটার, ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৫ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি জেলা শহরের নিউ ব্রিজ রোড পয়েন্টে ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
গাইাবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবর্হী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, গত চব্বিশ ঘন্টায় করতোয়ার পানি ৯ সেন্টিমিটার, ঘাঘটের পানি ৭ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার বেড়েছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
অপরদিকে, দীর্ঘদিন থেকে করতোয়া নদীর বাঁধ সংস্কার না করায় প্রতিদিন পানির তীব্র চাপে এই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধ্বসে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

