জানা গেছে এইচএসসি’র সম্ভাব্য সময়
নিউজ ডেস্কঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার ব্যাপারে প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। জানা গেছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন পরীক্ষা চলবে। সব বিষয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে পূর্ণ নম্বর কমতে পারে।
আজ মঙ্গলবার জানিয়ে দেয়া হতে পারে কখন বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে। মঙ্গলবারে যদি সম্ভব না হয় তাহলে বুধ-বৃহস্পতিবার পর্যন্তও সময় লাগতে পারে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ কিংবা আগামীকাল এইচএসসি’র ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেয়া যায়, সেটা আমরা চিন্তা-ভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব, তখন কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তাদের কিভাবে মূল্যায়ন করা যায় সেই বিবেচনাও আমাদের থাকবে।
এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনে দুটি বিকল্প সামনে রাখা হয়েছে। একটি হচ্ছে, প্রতি বিষয়ে ৫০ শতাংশ নম্বর কমানোর প্রস্তাব আছে। সেক্ষেত্রে যেসব বিষয়ে ব্যাবহারিক নেই, সেগুলোতে এমসিকিউ ও সৃজনশীল উভয় অংশের পূর্ণ মান থেকে ৫০ শতাংশ করে কমানোর চিন্তা আছে। আর যেগুলোতে ব্যাবহারিক আছে, সেগুলোতে ব্যাবহারিক নম্বর ঠিক রেখে অবশিষ্ট অংশের (এমসিকিউ ও সৃজনশীল) নম্বর সমন্বয় করে পূর্ণ নম্বর ৫০ শতাংশ কমানো হবে।
অন্য প্রস্তাবে কেবল এমসিকিউ কিংবা সৃজনশীল অংশের যেকোনো একটির পরীক্ষা নেয়ার বিষয়টি আছে। এক্ষেত্রেও ব্যাবহারিকের নম্বর ঠিক রেখে বাকি অংশের ওপর নম্বর সমন্বয়ের চিন্তা আছে। আর করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে নিজ নিজ কলেজকে ব্যাবহারিক পরীক্ষা নেয়ার অনুমতি দেয়ার প্রস্তাবও আছে। শিক্ষা মন্ত্রণালয় যে প্রস্তাব গ্রহণ করবে সেটি বাস্তবায়ন করবে বোর্ডগুলো। তবে কোনো প্রস্তাবেই বিষয় কমানোর কথা বলা হয়নি।

