রাশিয়ায় চাঙ্গা হয়েছে রফতানি মূল্য
নিউজ ডেস্কঃ
রাশিয়ার গমের রফতানি মূল্যে বিদ্যমান চাঙ্গা ভাব আরো জোরদার হয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৪ ডলার বেড়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।
মস্কোভিত্তিক কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর এক নোটে জানিয়েছে, সর্বশেষ সপ্তাহে রাশিয়ার বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে প্রতি টন সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের রফতানি মূল্য ছিল ২৩৭ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৪ ডলার বেশি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার গম উৎপাদনকারী অঞ্চলগুলোয় তুলনামূলক শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি হয়েছে প্রয়োজনের তুলনায় কম। ফলে এসব অঞ্চলে কৃষিপণ্যটির উৎপাদন কমে আসার আশঙ্কা করা হচ্ছে। কিংবা উৎপাদিত গম হতে পারে তুলনামূলক নিম্নমানের। মূলত এ আশঙ্কা থেকে রাশিয়ার বাজারে কৃষিপণ্যটির রফতানি মূল্য ক্রমাগত বাড়ছে। যদিও আন্তর্জাতিক বাজারে রুশ গমের রফতানি চাহিদা আগের মতোই পর্যাপ্ত রয়েছে।
এদিকে শুধু গম নয়, রাশিয়ার বাজারে যবের রফতানি মূল্যও বাড়তির দিকে রয়েছে। মস্কোভিত্তিক আরেক কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সভইকনের এক নোটে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে রাশিয়ার বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে প্রতি টন যবের রফতানি মূল্য ছিল ১৯৭ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৩ ডলার বেশি।
মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে রুশ রুবলের (স্থানীয় মুদ্রা) মান ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এ পরিস্থিতিও রাশিয়ার বাজারে গম ও যবের রফতানি মূল্য বাড়িয়ে দেয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

