সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের মাঠেই স্টেডিয়াম
গণবি প্রতিনিধিঃ
গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুঁকে ডান দিকে তাকাতেই মনে হল চলে এসেছি কোন স্টেডিয়ামে । সারা মাঠ জুড়ে সাদা চকের গুড়ো দিয়ে ট্র্যাক বানানো হয়েছে । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এই পরিবর্তনের কারণ গণ বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ১লা ফাল্গুন থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬”। বাছাইপর্বের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা।
সকাল ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডঃ মেসবাহউদ্দিন আহমেদ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন ,পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার মধ্যে রয়েছে ছেলে এবং মেয়েদের ১০০ মিটার দৌড় , ২০০ মিটার দৌড় , ছেলেদের ২০০০ মিটার দৌড় , ছেলে মেয়ে উভয়ের চাকতি নিক্ষেপ , গোলক নিক্ষেপ , উচ্চলম্ফ সহ মোট ২১ টি ইভেন্ট। এছাড়া শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রয়েছে মিউজিক্যাল চেয়ার, বল ইন বাস্কেটসহ আকর্ষণীয় চারটি ইভেন্ট।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই বার্ষিক ক্রিড়া উৎসবের ।

