হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
সনজিৎ কুমার মহন্ত, রংপুরঃ
রংপুর কারমাইকেল কলেজে ছাত্রীদের হোস্টেলের আবাসন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে কলেজের বেগম রোকেয়া, জাহানারা ইমাম ও তাপসী রাবেয়া হোস্টেলের শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন-গত দু’বছর আগে হোস্টেলের আবাসন ফি বৃদ্ধি করা হয়েছে। এরপর হঠাৎ করে ২ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে চলতি বছরে প্রায় ৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেন কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন জানানো হলেও তিনি কোন আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত বহাল রেখেছেন।
তাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন-বেগম রোকেয়া হোস্টেলের আর্নিকা, জাহানারা ইমামের মৌ, জুইসহ অন্যান্যরা।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনটি হোস্টেলের শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হচ্ছে।

