টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজ ডেস্কঃ
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হারের পর ঢাকায় দ্বিতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নেই পেসার মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ১৪ রান।
ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।
অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।
এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে পয়েন্টের হিসেবে থেকে যাবে সবার নিচেই। অবশ্য শতাংশের হিসেবে ২০ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠবে বাংলাদেশ।
অন্যদিকে প্রথম ম্যাচ জিতে রাখায় এখন সিরিজ জয়ের হাতছানি ক্যারিবীয়দের সামনে। তারা এ ম্যাচটি জিতলে সিরিজ থেকে পাবে পূর্ণ ১২০ পয়েন্ট।
প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শাইনি মোসেলে, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জার্মেই ব্লাকউড, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), রাখিম কর্নওয়াল, আলজারি যোসেফ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।

