করোনা নিয়ে পুলিশের গানে আলোড়িত ফেসবুক
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থতিতে মানুষকে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে সচেতনতামূলক গান গেয়ে তোলপাড় সৃষ্টি করেছে পুলিশ।
‘লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাবো না’ এমন কথায় গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। আর এতে অভিনয় করেছেন খোদ পুলিশ সদস্যরা।
গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ৫ লাখেরও বেশি মানুষ গানটি দেখেছেন এবং শেয়ার হয়েছে ১৩ হাজারের বেশি
গানটি লিখেছেন সাদুল্লাপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজ দেওয়ান। তিনিই ৬ এপ্রিল ফেসবুকে ‘আরও একবার… লকডাউন’ ৬ এপ্রিল গানের ভিডিওটি পোস্ট করেন। গাইবান্ধার সাদুল্লাপুর থানার বিভিন্ন এলাকায় গানের চিত্রধারণ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মোস্তাফিজ দেওয়ান, মিলন, ইয়াসমিন ও সুমী। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজ দেওয়ান, এসআই শহিদুল ইসলাম, এসআই কল্লোল কুমার, এসআই মোর্শেদুল আলম, এসআই আশুতোষ সরকার, এএসআই জাকেরুল, এএসআই রবিউল, এএসআই মিল্লাত, এএসআই হান্নান, এএসআই রবিউল, নারী এএসআই উম্মে কুলসুম, নারী কন্সটেবল তানিয়া, আরেফা, মাসুদাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এ বিষয়ে ওসি মাসুদ রানা জানান, এবার করোনাভাইরাস সংক্রমণের ঢেউ অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। প্রতিদিনই মারা যাচ্ছে প্রায় শত মানুষ। আক্রান্ত হচ্ছে ৭ থেকে ৮ হাজার। এমনি বাস্তবতায় সরকার সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে। অথচ আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি না, মাস্ক ব্যবহার করি না। শুধু প্রচারণা আর আইনের আওতায় এনে জনগনকে সচেতন করা যাবে না। তাই মানুষকে ঘরে থাকতে হবে। এ জন্য বিকল্প ব্যবস্থা নেবার কথা আমরা ভাবলাম।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে থানার ওসি তদন্ত মোস্তাফিজার রহমানসহ কর্মীদের সাথে কথা বললাম। আমরা সিদ্ধান্ত গান গেয়ে জনগনকে সচেতন করব। এরপর ওসি তদন্ত মোস্তাফিজার রহমান করোনা প্রতিরোধে জনসচেতনামূলক একটি গান লেখেন। আমি নিজেই সুর প্রদান করি।”
ওসি বলেন, “থানার মধ্যেই কয়েকদফা রিহার্সেল দেওয়া হয়। গানে অংশ নেন সাদুল্লাপুর থানার পুলিশ কর্মকর্তাসহ নারী সদস্যরাও। নিজেরাই গানটি শুট করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করি। এ ছাড়াও নিজেরাই সাদুল্লাপুর থানা সদরসহ বিভিন্ন এলাকায় ওই গান পরিবেশন করে জনগনকে সচেতন করার চেষ্টা করি।”
মাসুদ রানা জানান ছাত্রবস্থায় কলেজে গান করতেন মাঝে মাঝে, ওই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি।
তিনি বলেন, আমাদের গানে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউন চলাকালে বাসা থেকে বের না হবার আহবান জানানো হয়। এতে সাদুল্লাপুর থানাসহ গাইবান্ধা জেলায় ব্যাপক সাড়া পড়ে যায়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সারাদেশ থেকে অসংখ্য শুভকামনা ভালোবাসা-অনুপ্রেরণাও পাচ্ছি। তবে গান গেয়ে যে মানুষকে সচেতন করা যায়, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তার একটা উদাহরণ।”

