‘মিসেস ওয়ার্ল্ড’ খেতাব বর্জন করলেন লংকান সুন্দরী, কিন্তু কেন?
বিনোদন ডেস্কঃ ‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’ বিজয়ী ক্যারোলাইন জুরি খেতাব বর্জন করেছেন। সম্প্রতি শ্রীলঙ্কায় ‘মিসেস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় বিতর্কে জড়িয়ে ‘মিসেস ওয়ার্ল্ড’ খেতাব বর্জনের এই সিদ্ধান্ত নেন তিনি।
‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মুকুট ছিনিয়ে নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।বিতর্কের পর ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান।
মঙ্গলবার ‘মিসেস ওয়ার্ল্ড’র আয়োজক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘তিনি (ক্যারোলিন জুরি) স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এটি ক্যারোলিনের নিজের সিদ্ধান্ত।’
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারোলিন জুরি খেতাব বর্জন করায় আয়ারল্যান্ডের কেট স্নাইডার, যিনি ২০২০ সালে রানার আপ হয়েছিলেন তিনিই এখন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’র খেতাব পাবেন।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। এর কয়েক মুহূর্ত পর ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন।
অভিযোগ করে তিনি বলেন, পুষ্পিকার বিবাহিত হলেও তার বিচ্ছেদ হয়েছে। আর মিসেস ওয়াল্ড এ সবাইকে বিবাহিত থাকতে হবে এ কারণে পুষ্পিকা এ খেতাবের অধিকারী হতে পারবেন না। পরে পুলিশের কাছে অভিযোগ করেন পুষ্পিকা। পরে পুলিশ ক্যারোলিনকে গ্রেফতার করে নিলেও পরে জামিনে মুক্তি দিয়ে দেয়।

