হাজতে স্বামীকে ইয়াবা দিতে গিয়ে ধরা পড়লেন স্ত্রী!
নিউজ ডেস্কঃ চুরির মামলায় গ্রেফতার হওয়া স্বামীকে শুকনো খাবারের সাথে ইয়াবা দেয়ার অভিযোগে স্ত্রী রুজিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার বিকেলে দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের কাছে ওই নারীকে হস্তান্তর করা হয়।
গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই দিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে রুজিনা বেগমকে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি আবু ইমাম জাফর গণমাধ্যমকে জানান, একটি চুরি মামলার আসামি মিলন রহমান (২৭) পুলিশ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান।
হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ ওই শুকনা খাবার দিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় শুকনা খাবারগুলো যাচাই করতে গিয়ে তার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়া।
ওসি আরও জানান, এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রুজিনাকে দুপুর আড়াইটার দিকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসলমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক তার জবানবন্দি গ্রহণ করে বিকেল ৪টায় জেলহাজতে প্রেরণ করেন।
রুজিনা বিচারকের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তার স্বামী মিলন দীর্ঘদিন থেকে মাদক সেবন করেন। মাদক সেবন না করলে তিনি অস্থির হয়ে পড়েন। এতে তার শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার হাজতখানায় দেখা করলে যেখান থেকে হোক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিতে বলে।

