ভারতে একদিনে আবারো রেকর্ড মৃত্যু

india

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভারতীয় ধরন দেশটিতে ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে। রোববার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের।

রোববার (০২ মে) এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এনিয়ে ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্রে। শনিবারের মতো রোববারও আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারের বেশি।

তবে কর্নাটক এবং কেরালায় রোববার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে। কর্নাটক এবং কেরালায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০ হাজার ৯৯০ এবং ৩৫ হাজার ৬৩৬।

উত্তরপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৮০ জন। দিল্লিতে ২৫ হাজার ২১৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, হরিয়ানা, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। এই রাজ্যেগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ২০ হাজারের মধ্যে।

এই বিপুল সংখ্যক লোক প্রতিদিন আক্রান্ত হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন।

বিপুল সংখ্যক সক্রিয় রোগী দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে শয্যার আকাল পড়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। তবে বিদেশ থেকে অক্সিজেন এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টাও চালাচ্ছে দেশটির প্রশাসন।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫৫১ জন এবং নতুন করে ৭ লাখ ৮৯ হাজার ১৬৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৫৫০ জন।

  •  
  •  
  •  
  •