হঠাৎ জেরুজালেমের ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২, আহত শতাধিক

yehudi

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জেভ এলাকায় নব-নির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি প্রার্থনাকারী আহত হয়েছেন।

রবিবার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬০০ অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন।

প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়ছে। ফলে উপাসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর ছিটকে পড়ছেন ইহুদিরা।

ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

আহতদের জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: