ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন লেডি গাগা
বিনোদন ডেস্কঃ ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। গানের রেকর্ডিং পুড়িয়ে দেয়ার হুমকির মুখে একজন সঙ্গীত প্রযোজক তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন লেডি গাগা।
সম্প্রতি অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারি’র নতুন অ্যাপল টিভি প্লাস শো’তে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ২০০৫ সালের ওই ঘটনা এখনও ভুলতে পারেননি ৩৫ বছর বয়সী গাগা।
লেডি গাগা বলেন, ‘আমার বয়স তখন সবেমাত্র ১৯ বছর। একজন শিল্পীর ক্যারিয়ার শুরুর সময়ে যেমন সংগ্রাম করতে হয়, আমিও সেটার মধ্যে ছিলাম। সেসময় আমি একটি সঙ্গীত প্রযোজনা টিমের সঙ্গে কাজ করছিলাম। আমার কিছু গান রেকর্ড করা হয়।’
তিনি আরও বলেন, ‘ওই সঙ্গীতের প্রযোজক আমাকে হঠাৎ পোশাক খুলতে জোর করেন। আমি সেখান থেকে কৌশলে বেরিয়ে আসি। পরে তারা আমাকে ফোনে জানায়, আমি যদি প্রযোজকের কুপ্রস্তাবে রাজি না হই, তারা আমার রেকর্ড করা সব গান পুড়িয়ে দেবে। বাধ্য হয়ে আমি সেখানে ফিরে গিয়েছিলাম।’
লেডি গাগা বলেন, ‘আমি প্রযোজককে অনেক অনুরোধ করলেও সে থামেনি। তারা স্টুডিওর কক্ষ তালাবদ্ধ করে আমার ওপর অত্যাচার চালায়। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। তারা আমাকে কয়েক মাস স্টুডিওতে রাখে। সেমময় আমি প্রচুর বমি করেছিলাম এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। আমি মানসিক এবং শারীরিক সমস্যায় ভুগছিলাম। একা কোথাও থাকলে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তাম।’
তবে পুরো সাক্ষাৎকারে সঞ্চালক বারবার সেই সঙ্গীত প্রযোজকের নাম জানার চেষ্টা করলেও ভুলেও অভিযুক্তের নাম মুখে আনেননি লেডি গাগা।
উল্লেখ্য লেডি গাগার প্রকৃত নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। ১৯৮৬ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। ২০১৪ সালে সর্বপ্রথম যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেন লেডি গাগা।
২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সঙ্গীতজগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত তিনটি অ্যালবামই তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম’ বাজারে আসে। পরের বছরই আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘দ্য ফেম মনস্টার’। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’।
গাগা ২০০৫ সালে ঘটে যাওয়া ওই ঘটনার বর্ণনা দেন ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানে। ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ নামে একটি প্রামাণ্যচিত্রে গানটি ব্যবহার করা হয়। ওই প্রামাণ্যচিত্রটি ২০১৬ সালে অস্কারে মনোনীত হয়।

