আরও এক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

sikha

নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় চলমান লকডাউন তথা বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।

রোববার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে। তবে কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু দেশের চলমান লকডাউনে ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্ববাসী। বাংলাদেশেও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ ভাইরাস প্রতিরোধে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত বছরের ১৭ মার্চ থেকে। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

  •  
  •  
  •  
  •