কালো-সাদার পরে এবার ‘হলুদ ছত্রাক’ আতঙ্ক, জেনে নিন উপসর্গগুলো
নিউজ ডেস্কঃ কালো-সাদার পরে এবার এলো ‘হলুদ ছত্রাক’। সম্প্রতি ভারতের গাজিয়াবাদে হলুদ ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হয়েছেন একজন। ইএনটি বিশেষজ্ঞ ডক্টর ব্রিজ ত্যাগীর হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক এবং হোয়াইটের থেকেও বেশি সাংঘাতিক ইয়েলো ফাঙ্গাস। ইয়েলো ফাঙ্গাস এজন্যই মারাত্মক যে এর ক্রিয়া শুরু হয় শরীরের ভেতর থেকে। তাই উপসর্গ দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসা করাতে হবে।
ইয়েলো ফাঙ্গাসের উপসর্গগুলো হলো- আক্রান্ত ব্যক্তির ওজন কমে যাওয়া, ক্লান্তিভাব, ক্ষুদা না লাগা। সংক্রমণ বাড়তে থাকলে রোগীর দেহে পুঁজ ফেটে যাওয়ার মতো উপসর্গও দেখা গেছে।
এছাড়া, ক্ষত থাকলে তা না সারা বা শুকাতেও সময় লাগে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে, চোখ বসে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়। শেষমেশ আক্রান্ত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পচন ধরে বলে জানা গেছে।
ইয়েলো ফাঙ্গাস ছড়ায় কীভাবে? অপরিচ্ছন্ন জায়গা থেকে হলুদ ফাঙ্গাসের সংক্রমণ ছড়ায় বেশি। তাছাড়া বাসি, পচা খাবার, নোংরা-আবর্জনায় এই ছত্রাক জন্মায়। ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ হলে তা ধীরে ধীরে শরীরের নানা অঙ্গে ছড়ায়। কিন্তু হলুদ ছত্রাকের সংক্রমণ সরাসরি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে আক্রান্ত করে। খাদ্যনালী, অন্ত্র সংক্রমিত হয়। মাল্টি-অর্গ্যান ফেলিওরের ঝুঁকি বেড়ে যায় রোগীর।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকরমাইকোসিসের মতো নেক্রোসিস হতেও দেখা যায় রোগীর শরীরে। নেক্রোসিস মানে হলো মৃত কোষ। একটার পর একটা কোষ আক্রান্ত হয়ে নষ্ট হতে শুরু করে। ফলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিকল হতে থাকে।

