সৌদি কর্মীদের অর্থসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিউজ ডেস্কঃ সৌদি সরকার কর্তৃক প্রণীত নতুন ভ্রমণ নির্দেশিকার কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী বাংলাদেশি শ্রমিকরা। এমতবস্থায় আর্থিক অনটনের শিকার এসব কর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সৌদিগামী কর্মীদের বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনার জন্য আগামী ৩০ মে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের কীভাবে অর্থ সহায়তা দেওয়া যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। এমনটাই জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধতন কর্মকর্তা।

মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সভার আলোচ্য সূচিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে মাত্রাতিরিক্ত বিমান ভাড়া, বিদেশগামী কর্মীদের টিকাদান প্রসঙ্গ এবং সৌদি আরবে পৌঁছানোর পর কর্মীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয়ে ওই কর্মকর্তা জানান, প্রবাসী কর্মীদের জন্য ‘বিশেষ বিমান ভাড়া’ ধার্য করার অনুরোধ জানিয়ে তারা এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে কর্মীদের আর্থিক চাপ লাঘব হয়।

সৌদি সরকার গত ১০ মে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য একটি নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করে। যা কার্যকর হয় ২০ মে থেকে। যে কারণে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার ব্যাপারে অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যান।

নতুন ওই নির্দেশিকা অনুসারে, টিকা না নেওয়া প্রবাসী কর্মীদের অতিরিক্ত ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করে সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

নির্দেশিকায় একই সঙ্গে সৌদি আরবে ঢোকার আগেই কোভিড-১৯ এর জন্য চিকিৎসা বীমা ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, এসব নির্দেশ অমান্যকারীদের সৌদি থেকে বিতাড়নের পাশাপাশি আবার এ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নতুন এই ভ্রমণ নির্দেশিকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ২০ মে থেকে পরবর্তী নয় দিনের জন্য সৌদিগামী ফ্লাইটগুলো (সপ্তাহে ১৮টি) বাতিল করে। বিমান কর্তৃপক্ষ বলেছিল, সৌদি সরকারের নির্দেশনার আলোকে নতুন ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য তাদের কিছু সময় লাগছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, কল্যাণ তহবিলের অর্থ ব্যবহার করে প্রবাসী কর্মীদের কীভাবে সহযোগিতা করা যায়, তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,