উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবিতে র্যাগ ডে উদযাপন
হাবিপ্রবি প্রতিনিধি : :
রং মাখামাখি ও আনন্দ উল্লাসের মধ্যে মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা র্যাগ ডে উদযাপন করেছে। বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহল আমিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস.এম হারুন-উর-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপন উপলক্ষে স্মৃতি ফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। পরে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, আজ তোমাদের শিক্ষাজীবন পূর্ণতা পেল। দেশে ভালো মানুষের বড়ই অভাব। তোমরা দেশ ও জনগনের জন্য কাজ করবে এ প্রত্যাশা করি। ভবিষ্যতে যেখানেই কাজ করবে সৎ, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করবে।

