নিখোঁজের ১দিন পর বাগেরহাটের সাংবাদিক নাটোরে উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর বাগেরহাট জেলার মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক টুটুল মিয়াকে অচেতন অবস্থায় নাটোরে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৭টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে টুটুল মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাত থেকে টুটুল নিখোঁজ ছিল। টুটুল মিয়া বাগেরহাট জেলার মোল্লাহাটের কাহালপুর গ্রামের জামিল আহমেদের ছেলে এবং গোপালগঞ্জের যুগোকথা পত্রিকার মোল্লাহাট প্রতিনিধি।

সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টার দিকে দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবুল কালাম আজাদ জানান, রিপোর্ট লিখা পর্যন্ত টুটুল মিয়ার জ্ঞান ফেরেনি। তবে সে আশঙ্কামুক্ত। মলম জাতীয় পদার্থ দিয়ে তাকে অজ্ঞান করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, টুটুল মিয়ার পকেটে থাকা আইডি কার্ড দেখে মোল্লাহাট থানার মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

টুটুলের ছোট ভাই বাবুল মিয়া জানান, রবিবার রাতে কে বা কারা টুটুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তার কোন খোঁজ না পেয়ে মোল্লাহাট থানায় একটি জিডি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •