বৃষ্টি বাড়ার পূর্বাভাস

rain

নিউজ ডেস্কঃ আগামী সোমবার দেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে, এ কারণে বাড়বে বৃষ্টি। যদিও বর্ষার ঝুম বৃষ্টি পেতে অপেক্ষা করতে হবে জুনের মাঝামাঝি পর্যন্ত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। আগামী দু-তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে দেশের দক্ষিণাংশে।

তিনি আরও বলেন, বৃষ্টি প্রথম বাড়বে দক্ষিণাংশে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে। পাশাপাশি একই সময়ে বাড়বে ময়মনসিংহ ও সিলেটেও। এরপর সেই বায়ু দেশের মাঝামাঝি চলে আসতে পারে, যা ধীরে ধীরে দেশের উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশ করবে।

শাহীনুল ইসলাম বলেন, টেকনাফে এলে এক সপ্তাহের মধ্যে পুরো দেশ ছেয়ে যাবে করবে। ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম এ মৌসুমি বায়ু বাংলাদেশ পার হয়ে ভারতের মাঝামাঝি একটা স্থানে গিয়ে আটকে থাকে এবং তিন থেকে চার মাস অবস্থান করে সরে যায়। তত দিন পর্যন্ত বাংলাদেশ-ভারত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। যদিও পুরোপুরি বর্ষার বৃষ্টি শুরু হতে মাসের মাঝামাঝি লেগে যাবে।

এদিকে রোববার (০৬ জুন) সকাল ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: