ফিলিস্তিনিদের প্রতিবাদ আন্দোলনের মধ্যমণি এই ভাই-বোন
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ আন্দোলনের মধ্যমণি হয়ে উঠেছেন ২৩ বছরের তরুণী মুনা আল-কুর্দ ও তার ভাই মোহাম্মদ আল-কুর্দ।
রোববার (৬ জুন) ইসরায়েলি পুলিশ বাড়িতে ঢুকে মুনা আল-কুর্দকে ধরে নিয়ে যাওয়ার পর তার ভাই মোহাম্মদ আল-কুর্দও থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। তবে বেশ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
এই যমজ ভাই-বোনের বাবা নাবিল আল-কুর্দ বলেন, বিনা উসকানিতে হঠাৎ ঘরে ঢুকে পুলিশ তল্লাশি শুরু করে। আমার মেয়েকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে গেছে। এতে আমরা সবাই হতবাক।
ইসরায়েল পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে করা এক মামলায় আটক করা হয়েছিল মুনাকে।
মুনা ও তার ভাই মোহাম্মদ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ আন্দোলনের মধ্যমণি হয়ে উঠেছেন। পাড়াটিতে শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি উচ্ছেদের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত তৈরিতে তারা প্রধান ভূমিকা রেখেছেন।
এই যমজ ভাই-বোনকে আটকের খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ফিলিস্তিনিরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে এক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন মুনা ও মোহাম্মদ। টুইটার ও ইনস্টাগ্রামসহ সামাজিকমাধ্যমে তাদের সবসময় সরব থাকতে দেখা গেছে।
উল্লেখ্য গত এপ্রিলে নতুন করে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের আদেশের জেরে ফিলিস্তিনজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের ধারাবাহিকতায় মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর হামলা এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের ঘটনা ঘটে।
১০ মে থেকে ২১ মে পর্যন্ত গাজায় টানা ১১ দিনের আগ্রাসনে মোট ২৫৪ জন নিহত হন। অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় ২৫ জনের বেশি নিহত হয়েছেন।
ফিলিস্তিনিদের বিক্ষোভের জেরে শেখ জাররাহ মহল্লা থেকে উচ্ছেদের আদেশ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপরদিকে ফিলিস্তিনিরা এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন।

