গুলি চালিয়েছিলেন পুলিশের এএসআই, হত্যা করেন স্ত্রী-সন্তানসহ তিনজনকে!

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এসময় এলাকবাসীরা আততায়ী এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে এদের মধ্যে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পরিবারের দুই সদস্য রয়েছেন। সৌমেন নামে ওই এএসআইয়ের গুলিতেই তারা নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত তথ্য রয়েছে।

নিহতরা হলেন সৌমেনের স্ত্রী আসমা (২৫), তাদের ছেলে রবিন (৫) এবং শাকিল (২৮) নামে আরেকজন। তবে শাকিলের সাথে সৌমেনের পরিবারের সদস্যদের সম্পর্ক কী তা এখনও পরিষ্কার নয়। এ ঘটনায় সৌমেনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একটি দোকানের সামনে আততায়ী ও নিহতরা কথা বলছিলেন। হঠাৎই সৌমেন পিস্তল বের করে আসমার মাথায় গুলি করেন। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং সাথে সাথে তিনি মারা যান। এরপর তিনি শাকিলকেও মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় রবিন দৌড়ে পালানোর চেষ্টা করলে আততায়ী তাকেও তেড়ে ধরে মাথায় গুলি করে। ততক্ষণে এলাকার লোকজন আততায়ীকে ধরে ফেলেন।

সৌমেন খুলনার ফুলতলা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। নিহত আসমার সাথে হত্যাকারী সৌমেনের বছর খানেক আগে বিয়ে হয়েছিল। রবিন আসমার আগের পক্ষের সন্তান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: