শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে৷ রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, স্বাভাবিক পড়াশোনা যেন বাড়িতে চালিয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের আহ্বান জানাই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।
দীপু মনি বলেন, ‘অনেকেই শেখ হাসিনার সঙ্গে অন্য কাউকে একপাল্লায় মাপে। কিন্তু এটি অসম্ভব। শেখ হাসিনার সমকক্ষ কোনও নেতা বাংলাদেশে নেই। একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। বাকিরা খালি দেশকে পেছনের দিকে নিয়ে গেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির৷ সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ।

