উহানের ল্যাবে ছিল জ্যান্ত বাদুড়, প্রশ্নের মুখোমুখি হু
করোনা ডেস্কঃ এবার নোভেল করোনাভাইরাসের উৎস নিয়ে নতুন তথ্য প্রমান মিলেছে। সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা চীনের উহানের গবেষণাগারে একঝাঁক জ্যান্ত বাদুড় খাঁচায় ভরে রাখা হয়েছে। তাদের শরীর থেকে নানা ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গবেষকরা। অথচ এর আগে, হু জানিয়েছিল, উহানের গবেষণাগারে জ্যান্ত বাদুড় নিয়ে কোনও পরীক্ষা নিরীক্ষা হয়নি। তাতেই নতুন করে প্রশ্নের মুখে হু-র ভূমিকা।
বিগত দেড় বছর ধরে গোটা বিশ্ব অতিমারির কবলে থাকলেও, মারণ ভাইরাসের উৎস নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা। তবে বাদুড়ের শরীরে ইতিমধ্যেই এই সার্স কোভিড ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সেখান থেকেই মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে বলে মত গবেষকদের একটা বড় অংশের। তাঁদের মতে, জ্যান্ত বাদুড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে উহানের ওই গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো। সে নিয়ে একাধিক বার চিনকে কাঠগড়ায় তুলেছে আমেরিকা-সহ বহু দেশ। কিন্তু বেজিংয়ের তরফে বরাবরই তা অস্বীকার করা হয়েছে।
তার মধ্যেই সম্প্রতি অস্ট্রেলিয়ার খবরের চ্যানেল ‘স্কাইনিউজ’-এর তরফে কয়েক বছর আগের একটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। ২০১৭ সালে মে মাসে উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগারে চারস্তরীয় জৈব নিরাপত্তা বলয় তৈরি করা হয়। চিনের অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর তরফে তার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়, যাতে দেখা যায়, খাঁচায় ভরে রাখা হয়েছে একঝাঁক জ্যান্ত বাদুড়। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা বিশেষ পোশাক পরে বাদুড়গুলিকে চিমটি দিয়ে পোকা খাওয়াচ্ছেন গবেষকরা। একজনের টুপির উপর ঝুলে রয়েছে একটি বাদুড়। নিরাপত্তা মেনে কী ভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, সে কথা ভিডিয়োয় তুলে ধরা হয়।

